ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে মাহেরীন চৌধুরীর পৈতৃক বাড়িতে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে দোয়া শেষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম, নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, তাদের দুই ছেলেসহ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালাতো ভাই মরহুম মোহিতুর রহমান চৌধুরীর বড় কন্যা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাচাতো বোন।
প্রসঙ্গত, গত বছরের ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে পাশের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায় ভবনে। ধোঁয়া আর আতঙ্কে চারপাশ যখন হাহাকার, তখনও শিশু শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত ছিলেন মাহেরীন। ২০ জন শিশুকে নিরাপদে সরিয়ে নেয়ার সময় একপর্যায়ে নিজেই আগুনে আটকে পড়েন। শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেদিন রাত ৯টা ৪৫ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরে ২২ জুলাই বাবার বাড়ি বগুলাগাড়ি গ্রামে বাবা মহিতুর রহমান চৌধুরী ও মা সাবেরা চৌধুরীর কবরের পাশে তাকে শায়িত করা হয়। তিনি স্থানীয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী কমিটির সভাপতি ছিলেন।
এছাড়া চলতি বছরে সমাজসেবা ও জনসেবায় সার্বিক অবদানের জন্য (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে।
আরও উল্লেখ্য যে, ২০২৫ সালের ৭ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে শিক্ষিকা মাহরীন চৌধুরী নামে শিক্ষা মন্ত্রণালয় অধীনে ‘মাহরীন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস’ নামে একটি জাতীয় পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। যা শুধু শিক্ষায় বিশেষ অবদান রাখায় শিক্ষকদের প্রদান করা হবে। তবে তা এখনও আনুষ্ঠানিকভাবে চালু বা প্রদান করা হয়নি।
