দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে কাচামরিচ আমদানির অনুমতি দেওয়ায় দীর্ঘ সাড়ে ৮ মাস বন্ধের পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এতে করে বন্দরে আমদানিকারক ও শ্রমিকদের মাঝে কর্মচঞ্চল্যতা ফিরতে শুরু করেছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৪টায় ভারত থেকে কাচামরিচ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে কাচামরিচ আমদানি শুরু হয়েছে।
বগুড়ার রাজ এন্টারপ্রাইজ ও মাহাদি এন্টারপ্রাইজ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩টি ট্রাকে ২১ টন কাচামরিচ আমদানি করেছে। ভারতের কাটিহার থেকে এসব কাচামরিচ আমদানি করা হচ্ছে। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ার সাথে সাথে দাম অনকটাই কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গতবছরের ২০শে নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছিল।
হিলি স্থলবন্দরের কাচামরিচ আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বৈরি আবহাওয়া ও ঝড় বৃষ্টির কারনে দেশের বিভিন্ন এলাকায় কাচামরিচের ক্ষেত ক্ষতিগ্রস্থ হওয়ায় এর উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে চাহিদা মাফিক না পাওয়ার কারণে দাম ৩শ টাকা ছাড়িয়েছিল। যেহেতু ভারতে কাঁচামরিচের দাম কম রয়েছে তাই দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা ভারত থেকে আমদানির অনুমতি চেয়ে আসছিলাম।
এর পরিপেক্ষিতে গতকাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক কাচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। এরপরে অনেকেই এলসি খোলা থেকে অন্য যেসব প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করছেন। ফলে বিকেল থেকে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।
তিনি জানান, আজ প্রথমদিন হওয়ায় আমদানির পরিমান কিছুটা কম হলেও আাগামীকাল থেকে বন্দর দিয়ে কাচামরিচ আমদানির পরিমান আরো বাড়বে।এতে করে দেশের বাজারে কাচামরিচের দাম কমে আসবে বলেও জানিয়েছেন তিনি।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, দেশে কাচামরিচের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে গতকাল (২ আগস্ট) সরকার কাচামরিচ আমদানির অনুমতি দেয়। আজ বিকেল ৪টা পর্যন্ত হিলি স্থলবন্দরের ৭৪জন আমদানিকারক ২৭হাজার ১১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। ইতোমধ্যেই বিকেল থেকে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। দ্রুত আমদানিকৃত কাঁচামরিচের নমুনা সংগ্রহ করে তার সার্টিফিকেট প্রদান করা হবে এরপর তারা বন্দর থেকে খালাস নিতে পারবেন। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ার সাথে সাথে দাম কমে আসবে বলেও জানিয়েছেন তিনি।
