বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তার অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি তিনি আরও বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি মারছে। তবে দলটির বড় ধরনের কর্মসূচি পালনের মুরদ নেই। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদকে দেশত্যাগের নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছে। আমরা বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে দেশটিতে নিয়োজিত ল ফার্মকে জামিন বাতিলের আবেদন করতে এবং আদালতে পিটিশন দাখিল করতে নির্দেশনা দিয়েছি। এ ছাড়া, ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে এবং ঠিক কী কী শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে তা জানতে সার্টিফায়েড কপি সংগ্রহের অনুরোধ করা হয়েছে। বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক উভয় প্রক্রিয়া সক্রিয় রয়েছে। তবে তার কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, এটা আমাদের সন্দেহ।

 মেট্রোরেল ও আশুলিয়ায় বোমা আতঙ্কে সাম্প্রতিক রথযাত্রার দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও কিছু নাশকতার চেষ্টার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মতিঝিল এলাকায় মেট্রোরেলের একটি পিলারের নিচে এবং পরবর্তী সময়ে আশুলিয়ায় ‘বোমাসদৃশ’ বস্তু পাওয়া যায়। পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো নিষ্ক্রিয় করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কোনো পক্ষ এ কাজ করতে পারে। এ দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা জানতে তদন্ত চলছে। তবে বর্তমানে এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। এ বিষয়ে আমাদের স্পেশাল টিম সতর্ক রয়েছে।

৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, নিষিদ্ধ ঘোষিত এবং মাফিয়া শক্তি হিসেবে পরিচিত দলটির বর্তমানে বড় কোনো কর্মসূচি পালনের মুরদ নেই। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং বিশেষ করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে সতর্ক থাকার জন্য সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সব ধরনের উগ্রবাদী তৎপরতা মনিটর করা হচ্ছে।