পদায়ন হলেই বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা

সামাজিক মাধ্যমে পুলিশপ্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। যাচাই-বাছাইবিহীন, মনগড়া ও কাল্পনিক তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চলছে। বিশেষ করে কোনো পুলিশ কর্মকর্তার নতুন পদায়নের পরই তাকে লক্ষ্য করে এ ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। গতকাল সোমবার রাতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, কতিপয় ব্যক্তি নিজেদের সামাজিক মাধ্যমভিত্তিক সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জনমনে বিদ্বেষ সৃষ্টি ও তাদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে ব্যক্ত করছে যে, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন, নির্যাতন কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে কেবল বিগত সরকারের আমলে চাকরি করার অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপপ্রচারের মূল উদ্দেশ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল দুর্বল করা, সদ্যপদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের বিতর্কিত করা, সামগ্রিকভাবে পুলিশ বাহিনীকে ডিমোরালাইজড করা, জনমনে পুলিশ বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষার সার্বিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা।