দুই রাশিয়ান নাগরিকের মারামারি একজনের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে মদ্যপ অবস্থায় দুই রাশিয়ান নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় কুদরিন সার্গেই (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত মেনচেভ (৫৩) নভপসা অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। গতকাল সোমবার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত কুদরিন সার্গেই রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম-এ কর্মরত ছিলেন। তার বাবার নাম নিকোলাই। তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে দুই রুশ নাগরিক একসঙ্গে মদ্যপান করছিলেন। একপর্যায়ে কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে উভয়েই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিন সিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়।

গ্রিন সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুল ইসলাম জানান, দুই বিদেশিকে আশঙ্কাজনক ও অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আইসিইউ সুবিধা না থাকায় দ্রুত তাদের অন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কুদরিন সার্গেই মারা যান। অপর ব্যক্তি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

ঈশ^রদী থানার ওসি আসাদুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে অতিরিক্ত মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতি হয়। এত একজনের মৃত্যু হয় অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া সম্পন্ন করা হবে।