বিদ্যুৎ বিলের সমস্যা সমাধানের বদলে হুমকি

খানিকটা বিরক্তি ও ধমকের সুরে দেওয়া সন্ধ্যার একটি সাদামাটা বিজ্ঞপ্তি মধ্যরাতেই ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে মানুষের নজরে আসে বিদ্যুৎ বিভাগের ওই বিজ্ঞপ্তি।

জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অতিষ্ঠ গ্রাহকদের দুর্ভোগ এবং এ সংক্রান্ত খবরকে ‘অপপ্রচার’ বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। প্রথম বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ চালালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। তবে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে সেই অংশ বাদ দিয়ে নতুন বিজ্ঞপ্তিতে কেবল ‘দায়িত্বশীল আচরণ’ করার আহ্বান জানানো হয়।

সাধারণ মানুষকে হুমকি দিয়ে প্রথম বিজ্ঞপ্তিটি প্রকাশের পরে সংশোধন করে রাত ৮টা ২৩ মিনিটে আবার প্রকাশ করা হয়। গতকাল রাত ১২টা ৪৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিজ্ঞপ্তিটিতে ১ লাখ ৭ হাজার ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। এর মধ্যে ৯১ হাজার ব্যবহারকারী হাসির ইমোজি দিয়েছেন। এ ছাড়া ৩১ হাজার মানুষ মন্তব্য করেছেন এবং শেয়ার করেছেন ১৬ হাজার জন। সেখানে অধিকাংশ ব্যবহারকারী বিজ্ঞপ্তিটির সমালোচনা করেছেন।