ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি।  ভোটার তালিকা তৈরি করতে সংসদ সচিবালয়কে অনুরোধ জানানো হয়েছে। তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং তফসিল নিয়ে আলোচনা হবে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি। এর মধ্যে একটির নিবন্ধন স্থগিত আছে। বাকি ৫৯ দলের মধ্যে ৩৮টি রাজনৈতিক দল বার্ষিক অডিট রিপোর্ট, আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছে। ১৩টি রাজনৈতিক দল অডিট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছে। আটটি দল সময় বাড়ানোর জন্য আবেদন করেনি। এর মানে তারা নন রেসপনসিভ।

ইসি সচিব বলেন, যারা সময় বাড়ানোর আবেদন করেছে, তাদের জন্য কমিশন সময় বাড়াবে। অতীতেও এই সময় বাড়ানো হয়েছে। যারা প্রতিবেদন জমা দেয়নি, তারা আইনের বরখেলাপ করেছে, এটা তাদের জানিয়ে দেওয়া হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত বছরের দলের আয়-ব্যয়ের প্রতিবেদন জমা দিতে হয়।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইসির এ কর্মকর্তা বলেন, গত ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রেখেছিল ইসি। এখন যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির কাছে সুস্পষ্ট নির্দেশনা নেই, তাই ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সময়সীমা পরিবর্তন হতে পারে।

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখের মধ্যে সাধারণত ৪৫ দিনের ব্যবধান থাকে। এ ছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও প্রিন্ট করতে আরও প্রায় দেড় মাস সময় লাগে। সব মিলিয়ে একটি নির্বাচনের জন্য প্রায় তিন মাসের প্রস্তুতির সময় প্রয়োজন হয়।