জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দুই মাসের মধ্যে ১২৫ সদস্যের একটি ‘ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ)’ ও একটি সোয়াট প্লাটুন পাঠানোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পুলিশ। এ লক্ষ্যে প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জাম ও মালামাল প্রস্তুত এবং যাচাইয়ের জন্য ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ইন্টারনাল অপারেশনস শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী ‘পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম’-এর আওতায় বাংলাদেশ পুলিশকে এ বাহিনী পাঠাতে হবে। সে জন্য একটি এফপিইউ ও সোয়াট প্লাটুনের প্রয়োজনীয় সব ধরনের মালামাল ও প্রযুক্তিগত সরঞ্জাম তৈরি আছে কি না, তা পরীক্ষা করে চূড়ান্ত প্রস্তুতির জন্য এ কমিটি কাজ করবে। কমিটির সভাপতি করা হয়েছে পুলিশের ডিআইজি (ফিন্যান্স) আতিকুর রহমানকে। সদস্য হিসেবে আছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি নাছিমা আক্তার, আশরাফুজ্জামান ও আব্দুল্লাহ আল-মামুন; পুলিশ সদর দপ্তরের এআইজি এএইচএম ইয়াহদুল ইসলাম ও ড. মাসুরা বেগম; কেপিএইচের পুলিশ সুপার হুমায়ুন কবির, পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ ও ডিএমপির উপপুলিশ কমিশনার জাহেদ পারভেজ চৌধুরী।