আমেরিকায় আইনি ঝামেলা থেকে অবশেষে মুক্তি পেলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। ফ্লোরিডার মেয়ামি-ডেড কাউন্টি আদালতের বিচারক লিসা ওয়ালশ লিওনেল মেসি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ওঠা ৭ মিলিয়ন ডলারের মামলাটি সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছেন।
ঘটনাটির সূত্রপাত ২০২৫ সালের অক্টোবর মাসের দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে। প্রমোটর সংস্থা 'ভিড মিউজিক গ্লোবাল' (ভিএমজি) অভিযোগ করেছিল যে, ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট মাঠে খেলার চুক্তি ছিল।
কিন্তু ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে শারীরিক অস্বস্তির অজুহাতে মেসি খেলেননি, অথচ তার পরের দিনই ইন্টার মায়ামির হয়ে এমএলএস ম্যাচে মাঠে নামেন।
এরই প্রেক্ষিতে গত এপ্রিল মাসে ভিএমজি, মেসি, এএফএ মেসির এজেন্ট হুলিয়ান মার্কোস কাপেলানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, প্রতারণা ও চক্রান্তসহ মোট ১১টি অভিযোগ এনে মামলা দায়ের করে। চুক্তি অনুযায়ী ৭ মিলিয়ন ডলারের মধ্যে তাদের ১.৩ মিলিয়ন ডলার লোকসান হয়েছে বলে দাবি করেছিল সংস্থাটি।
সব পক্ষের বক্তব্য ও নথি পর্যালোচনা করে বিচারক লিসা ওয়ালশ মামলাটি খারিজ করে দেন। রায়ে বিচারক বলেন, "জাতীয় দলের সাথে অনুশীলন করা বা সভায় উপস্থিত থাকা মানেই ম্যাচে খেলার প্রতিশ্রুতি নয়। একজন অ্যাথলেট ম্যাচের আগে এগুলোই করে থাকেন, যেখানে তিনি শেষ পর্যন্ত খেলতে পারেন আবার নাও খেলতে পারেন।"
আদালত স্পষ্ট জানিয়েছে, মেসি প্রমোটর সংস্থার সাথে চুক্তিগত সীমার মধ্যেই কাজ করেছেন এবং কোনো ধরণের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন না। এর মাধ্যমে 'লা পুলগা'র বিরুদ্ধে চলা আইনি অধ্যায়ের ইতি ঘটলো।
আইনি জটিলতা কাটিয়ে ওঠার পর এখন পুরোপুরি মাঠের খেলায় মনোনিবেশ করছেন মেসি। চলতি আগস্ট মাসে ইন্টার মায়ামির হয়ে অন্তত ৭টি ম্যাচ খেলবেন তিনি।
-
লিগস কাপ: গ্রুপ পর্বে সান লুইস, মন্টেরি এবং লিওনের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
-
এমএলএস সূচি:
-
১৬ আগস্ট: ন্যাশভিল (অ্যাওয়ে ম্যাচ)
-
২০ আগস্ট: ফিলাডেলফিয়া (অ্যাওয়ে ম্যাচ)
-
২৩ আগস্ট: টরন্টো (হোম ম্যাচ)
-
৩০ আগস্ট: মন্ট্রিল (হোম ম্যাচ)
-