বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। মৎস্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎসহ একাধিক খাতে বিনিয়োগের আগ্রহের পাশাপাশি বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি পূর্ণ আস্থার কথাও জানিয়েছে দেশটি। 

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
 
বৈঠকে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে সৌদি আরব আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।  

তিনি জানান, বিনিয়োগ সহযোগিতা বাড়াতে শিগগিরই সৌদি আরবে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছে। এতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বাংলাদেশে দুই দেশের মধ্যে রাজনৈতিক পরামর্শ বৈঠক (পলিটিক্যাল কনসালটেশন) এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের মধ্যে এ ধরনের যোগাযোগ ও মতবিনিময় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এছাড়াও সৌদি আরবে সম্প্রতি নিহত তিন বাংলাদেশি নাগরিকের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মরদেহ দেশে পাঠাতে সৌদি সরকার সহযোগিতা করেছে বলে প্রতিনিধিদল জানিয়েছে। 

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি আরব সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সফরে যেতে আগ্রহী। দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে আলোচনার ভিত্তিতে এ সফর অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটি। একই সঙ্গে বাংলাদেশও সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি প্রতিনিধিদল বারবারই বাংলাদেশের সঙ্গে বহুমুখী সহযোগিতা সম্প্রসারণের আগ্রহের কথা জানিয়েছে। শুধু একটি খাতে নয়, বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়ানোর ওপরই তারা গুরুত্ব দিয়েছে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুলআজিজ আল-ইয়াহইয়া, কনস্যুলার বিষয়ক উপমন্ত্রী ড. মোহাম্মদ আল-শাম্মারি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ এবং দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।