জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের উদ্যোগে লাল জুলাইয়ের গল্পে জুলাই অদম্য নারী শীর্ষক আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা এমপি।
সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এমপি, জুলাই শহীদ জাফরের মা কাজী লুলুখ মাখমিন, শহীদ মাহদী প্রান্তের মা শাহীনূর, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া প্রমুখ।
বক্তরা বলেন, রক্তাক্ত জুলাইয়ে নারী সমাজ যেই অবদান রেখেছে তা চিরস্মরনীয় এবং অনস্বীকার্য। কিন্তু দেখা যায়, জুলাই নিয়ে আলোচনা হলে সেখানে নারীদের অবদান একেবারেই তুলে ধরা হয় না। নারীদের অবদান অনেকটা পাশ কাটিয়ে যাওয়া হয়। রক্তাক্ত জুলাইয়ে সরকারি হিসেবে ১১ জন নারী শহীদ হয়েছেন। অসংখ্য নারী হাত-পা এবং চোখ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। জুলাইয়ে নারী সমাজের অবদান সমানভাবে স্বীকার করতে ও তুলে ধরতে সমাজের সকল শ্রেণীপেশার মানুষের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে লাল জুলাই এর গল্প তিন পর্বে তুলে ধরেন যথাক্রমে ৬৫ নং ওয়ার্ড কর্মপরিষদ সদস্য রীনা খানম, খিলগাঁও পশ্চিম থানা মহিলা বিভাগের অগ্রসর কর্মী জাকিয়া সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান নাসরিন, রওনক জাহান। এছাড়াও অনুষ্ঠানে জুলাইয়ের গান পরিবেশিত হয় এবং নাটিকা ও ডকুমেন্টারি প্রদর্শনী করা হয়। সময় আমন্ত্রিত অতিথিবৃন্দের পাশাপাশি কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলাগণ উপস্থিত ছিলেন।