আজ সেই ৫ আগস্ট। জুলাই যোদ্ধারা প্রতীকীভাবে ‘৩৬ জুলাই’ আখ্যা দিয়ে দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন অঙ্গনের মানুষ।
শোবিজ তারকাদেরও অনেকে দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করছেন। সেই তালিকায় যুক্ত হলেন মডেল-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আজ মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিশা লিখেছেন, ‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...।’
গণ অভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকার আমলে নির্মিত ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করেছিলেন তিশা। সেই সুবাদে তিনি পর্দার বঙ্গমাতা খ্যাতি পান। আওয়ামী সরকারের পতনের পর খেতাবটির জন্য বিড়ম্বনাতেও পড়তে হয়েছে তাকে।
তবে সব সমালোচনা এড়িয়ে তিনি জুলাই অভ্যুত্থানকে সবসময়ই ধারণ করেছেন হৃদয়ে। তার প্রমাণ ৫ আগস্টের স্ট্যাটাসেও মিললো। মাত্র একটি বাক্যের এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে।