শ্রদ্ধা ও সম্মাননায় পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জেলা প্রশাসক আবু সাইদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সাইদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম। এছাড়া শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের আহত যোদ্ধারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাইদ বলেন, আমরা যদি সবাই মিলেমিশে সুন্দর পিরোজপুর গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ সফল হব। কিন্তু আমাদের মধ্যে যদি বিভাজন, চিন্তা-চেতনা ও কাজের ক্ষেত্রে স্বার্থের সংঘাত থাকে, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের যেকোনো সমস্যা বা প্রয়োজন জেলা প্রশাসনকে জানাতে হবে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।

অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।