বৃষ্টিতেও থেমে নেই ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

বৃষ্টিকে সঙ্গী করেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। গায়কের সঙ্গে গলা ছেড়ে গাইছেন শ্রোতারাও। নাচের তালেও মেতেছেন সবাই। মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টির মধ্যেও দর্শকদের উৎসাহে ভাটা পড়েনি। বরং দুপুর থেকেই কনসার্টস্থলে ভিড় বাড়তে থাকে। 

শান্তা জাহান ও আলিফের উপস্থাপনায় ৪ টা ২০ মিনিটে অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায়। শুরুতেই এস এম আবদুল ফারাবির কণ্ঠে জুলাইকে স্মরণ করে ‘বাংলাদেশ বুকে জেগে আছে জুলাই’ গানটি পরিবেশিত হয়। এরপর শিল্পকলা একাডেমির শিল্পীরা ধারাবাহিকভাবে দুইটা সংগীত পরিবেশন করেন। তারপর মঞ্চে আসেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘রে রে’। 

জানা গেছে, অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস ও ওয়ারফেইজ গান পরিবেশে করবেন ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। বৃষ্টির কারণে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থানে পানি জমে গেলেও দর্শকদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রবেশপথে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নিরাপত্তা তল্লাশি শেষে কনসার্টস্থলে প্রবেশ করেন তারা। তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে ধীরে ধীরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।