মুন্সীগঞ্জের লৌহজংয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি হয়েছে। বুধবার দুপুরে এ র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিটি উপজেলার চন্দ্রের বাড়ি চৌরাস্তা বাজার থেকে শুরু হয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গিয়ে শেষ হয়। কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কাউছার তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সেকেন্দার খান বাবুর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া বেগমসহ কুমারভোগ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সমাবেশে বক্তারা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনাকে গণতন্ত্র ও জনগণের বিজয়ের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যেই প্রতি বছর ৫ আগস্ট বিজয় র্যালি পালন করা হবে। বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সকল রাজনৈতিক শক্তি ও সাধারণ জনগণকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।