বিলাসবহুল প্রাইভেট জেটে শুয়ে সেলফি, মাঠের দর্শকদের কটাক্ষের জবাব, আর ড্রেসিংরুম টানেলে প্রতিপক্ষ ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে গালিগালাজ সব মিলিয়ে কোপা দো ব্রাজিলের শেষ আটে ওঠার রাতে একাই সব আলো কেড়ে নিলেন সান্তোস তারকা নেইমার জুনিয়র। রেমোর বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয়ের পর মাঠের পারফরম্যান্সের চেয়েও নেইমারকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পারদ এখন তুঙ্গে।
ম্যাচের আগের দিন রাতে নিজের দাতব্য সংস্থা ‘নেইমার জুনিয়র ইনস্টিটিউট’-এর একটি নিলাম অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন নেইমার। ফলে সান্তোস দলের সঙ্গে সফর না করে মঙ্গলবারে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে নিজস্ব প্রাইভেট জেটে করে বেলেম শহরে পৌঁছান তিনি। খেলার দিন এই ভ্রমণের কারণে সান্তোস কোচ কুকা তাকে শুরুর একাদশে রাখেননি। তবে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয় অর্ধে বদলি হিসেবে নামেন নেইমার। নেমেই তার অসাধারণ অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন রনি, আর তাতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় সান্তোসের।
ম্যাচ শেষ হতেই নিজের প্রাইভেট জেটে শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে নেইমার ক্যাপশনে লেখেন ‘লক্ষ্য অর্জিত’। শুধু তাই নয়, গ্যালারি থেকে রেমো সমর্থকদের গালিগালাজ ও কটূক্তির জবাবে একটি ভিডিও শেয়ার করে বিদ্রুপের ছলে ইনস্টাগ্রামে লেখেন, ‘ভালোবাসার জন্য ধন্যবাদ, বেলেম!’
ম্যাচ শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে মানগেইরাও স্টেডিয়ামের টানেলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। প্রতিপক্ষ রেমো কর্মকর্তাদের তোপের মুখে পড়ে নেইমার বারবার ‘এলিমিনেডো! এলিমিনেডো!’ (টুর্নামেন্ট থেকে বাদ!) বলে চিৎকার করতে থাকেন এবং একপর্যায়ে চরম ক্ষুব্ধ হয়ে গালিগালাজও করেন। এ সময় সান্তোসের আরেক তারকা গাবিগোলকেও দেখা যায়। তিনি দূর থেকে পুরো ঘটনা পর্যবেক্ষণ করেন এবং নেইমারকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা দেখে বিস্ময় প্রকাশ করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন রেমোর কিছু সমর্থক ও কর্মকর্তা নিরাপত্তাবেষ্টনীর কিছু অংশ ভেঙে ফেলেন। পরে সান্তোসের নিরাপত্তাকর্মীরা ড্রেসিংরুমের সামনে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
ঘটনার পর রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস (তোনহাও) ক্ষোভ উগড়ে দিয়ে নেইমারকে চরম ভাষায় আক্রমণ করেন, ‘বাচ্চাদের কাছে আইডল বনে থাকা ওই ভবঘুরে নেইমার আমাদের এখানে এসে নাটক করেছে এবং আমাদের উসকানি দিয়েছে।’ সোশ্যাল মিডিয়ায় এই আক্রমণের জবাবও দিয়েছেন নেইমার। তিনি লেখেন, ‘ওনারা আমাকে গালি দেবেন, আর আমি আনন্দ-উৎসব করলেই তাদের রাগ উঠে যায়?’