বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) আসন্ন মৌসুম সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। দেশি-বিদেশি খেলোয়াড় দলে ভিড়িয়ে শক্তিশালী স্কোয়াড গড়ার চেষ্টা চলছে। এরই মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। সেনেগাল জাতীয় দলের হয়ে খেলা তরুণ ফরোয়ার্ড মোহাম্মদ রাসুল বা-কে দলে ভেড়াতে যাচ্ছে পুলিশ এফসি। ২৫ বছর বয়সী এ সেন্টার ফরোয়ার্ড সেনেগালের জাতীয় দলের জার্সিতে ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১ গোল করেছেন। রাসুল বা-কে দলে আনার চেষ্টা অবশ্য নতুন নয়। গত মৌসুমের মাঝপথের দলবদলেও তাকে দলে ভেড়ানোর উদ্যোগ নিয়েছিল পুলিশ এফসি। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা সফল হয়নি। পরে তিনি ভুটানের পারো এফসি ছেড়ে যোগ দেন আল রাওদাহ এফসিতে। এবার আল রাওদাহর সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে বাংলাদেশে আসছেন এই সেনেগালি ফরোয়ার্ড। ভুটানের পারো এফসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রাসুল বা। ভুটান প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী সেই মৌসুমে তিনি ১৪ গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার গোল করার দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা পুলিশ এফসির আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে আশা করছে ক্লাবটি। নতুন মৌসুমে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করতে বিদেশি খেলোয়াড় বাছাইয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ পুলিশ এফসি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সেনেগাল জাতীয় দলের অভিজ্ঞ এ ফরোয়ার্ডকে দলে যুক্ত করতে যাচ্ছে ক্লাবটি।