অস্ট্রেলিয়া সফরে গিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। গতকাল প্রথমবারের মতো পূর্ণ দল নিয়ে অনুশীলন করেন সফরকারীরা। গত ১ আগস্ট যারা রওনা করেন, তারা এরই মধ্যে ৩টি অনুশীলন সেশনে অংশ নেন। ৩ আগস্ট যাওয়া মুমিনুল হক, জাকের আলীরা প্রথমবার নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে নামেন। আজ ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন নাজমুল হোসেনরা। আগামী ১৩ আগস্ট প্রথম টেস্টে মাঠে নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে এ প্রস্তুতি ম্যাচের দিকেই তাকিয়ে বাংলাদেশ দল।
গতকাল অনুশীলন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিওবার্তায় পেসার হাসান মাহমুদ বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের যে প্রস্তুতি ম্যাচটি আছে, সেটি মূল ম্যাচের আগে প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। কন্ডিশনের সঙ্গে, উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এটা আমাদের অনেক কাজে দেবে।’ ডারউইনে নিজেদের অনুশীলন নিয়েও খুশি হাসান, ‘খুব ভালো অনুশীলন হচ্ছে। আজ (গতকাল) ফিল্ডিং হলো, ব্যাটিং হলো, বোলিং হলো। সামনে আমাদের আরও কাজ আছে, অনুশীলন আছে। আশা করি, সবাই তাদের সেরাটা দিতে পারবে এবং আমরা ভালো একটা শুরু পাব।’
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল আগে ব্যাট করলে প্রথম ইনিংসে লিটন দাসের ব্যাটিংয়ে নামার সম্ভাবনা কম। কাফ মাসলের চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি এ উইকেটরক্ষক-ব্যাটার। আজ অথবা আগামীকাল ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা আছে তার। এ পরীক্ষায় উতরালে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দেখা যেতে পারে তাকে। টিম ম্যানেজমেন্টও চাচ্ছে, এ প্রস্তুতি ম্যাচে যেন ব্যাট করতে পারেন লিটন। তাহলে প্রথম টেস্টে তার খেলা নিয়ে কোনো ঝুঁকি থাকবে না। গতকাল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেও সতীর্থদের সাহায্য করতেই বেশি মনোযোগী ছিলেন তিনি।
এদিকে প্রস্তুতি ম্যাচ হলেও নিজেদের ঝালিয়ে নেওয়ার ভালো সুযোগ পাচ্ছেন বাংলাদেশের বোলাররা। ক্রিকেট অস্ট্রেলিয়া দলের হয়ে তাসকিন আহমেদ, মুশফিক হাসানদের পরীক্ষা নেবেন স্যাম কনস্টাস, ক্যাম্পবেল কেলাওয়ে, হ্যানো জ্যাকবসের মতো প্রতিভাবান তরুণ ব্যাটাররা। তাদের কেউ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন এবং জাতীয় দলে কয়েকজন ঢোকার দরজায় কড়া নাড়ছেন।
বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলও। ব্রিসবেনে ইতিমধ্যে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি ৬০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলেছেন ট্রাভিস হেড, প্যাট কামিন্সরা। যেখানে ক্যামেরন গ্রিন টেস্ট দলের বোলার নাথান লায়ন, মিচেল স্টার্কদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেন। হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের পর মাঠে ফেরার অপেক্ষায় থাকা লায়নও ভালো ছন্দে বোলিং করেন এবং হেডের উইকেট তুলে নেন। দুই ম্যাচেই হেডের সঙ্গে ইনিংস শুরু করেন ওয়েদারাল্ড, যা ইঙ্গিত দেয়, বাংলাদেশের বিপক্ষে এই জুটিকেই ওপেনিংয়ে দেখা যাবে।
দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর অজি প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলেন, ‘আমরা দুদিন ম্যাচের আবহে অনুশীলন করেছি, প্রতিদিন ৬০ ওভার করে। সবাই নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে। অনুশীলন থেকে শুরু করে ম্যাচের আবহে খেলার মাধ্যমে দারুণ একটি পরিবেশ তৈরি করতে পেরেছি। ছেলেরা মাঠে নামার জন্য মুখিয়ে আছে।’ ব্রিসবেনে অনুশীলনের মাঝে পিঠে চোট পাওয়া অজি উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিসকে নিয়েও সুখবর দেন তিনি, ‘ওর পিঠে পুরনো চোট আবার দেখা দিয়েছে। মাঝে-মধ্যেই এমন হচ্ছে। এটি নিয়ে উদ্বেগের কিছু নেই। কিছু দিন বিশ্রাম নিয়ে আবার অনুশীলনে ফিরবে। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমরা সতর্কভাবে এগোব, পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাকে নেটে ফিরতে দেব।’