বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বিভিন্ন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। এরই অংশ হিসেবে ১৫ হাজার বিদেশি কর্মী নিয়োগের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। 

সংশ্লিষ্ট খাতগুলোর শ্রমিক চাহিদা দ্রুত পূরণ এবং দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল।

ফাহমি বলেন, প্রধানমন্ত্রী মানবসম্পদ মন্ত্রণালয়কে বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত ১৫ হাজার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ২৪ জুলাই আনোয়ার জানিয়েছিলেন, ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রেস্তোরাঁ মালিকদের শ্রমিক সংকটের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই সুশৃঙ্খলভাবে এবং বিদ্যমান নীতিমালা অনুসরণ করে সম্পন্ন করতে হবে।