হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮১৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮১৮ জন। হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩৩ জন।

হামের উপসর্গ নিয়ে ঢাকায় চার ও সিলেটে দুজন মারা যায়। ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৬৪ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৪০ জনের। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫০ হাজার ৩৭৮ জন।

১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।