পূর্ব জেরুজালেমে বসতি বাড়াবে ইসরায়েল

অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণ-পশ্চিমাংশে ফিলিস্তিনি জমিতে গড়ে ওঠা অবৈধ ‘গিলো’ বসতিকে আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে ইসরায়েল। এর আওতায় ইসরায়েলি কর্র্তৃপক্ষ সেখানে ২ হাজার ৩০০টি নতুন বাড়ি নির্মাণ করতে যাচ্ছে। জেরুজালেম নিয়ে কাজ করা ইসরায়েলের একটি অলাভজনক সংস্থা ইর আমিম গত বুধবার এই তথ্য জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই প্রকল্প কার্যকর হলে অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম থেকে পূর্ব জেরুজালেম আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।

সংস্থাটি জানিয়েছে, এই প্রকল্পের অন্তর্ভুক্ত অন্তত ২৮ ডুনাম (৬ দশমিক ৯ একর) জমি ফিলিস্তিনি মালিকদের কাছ থেকে বাজেয়াপ্ত করে ‘রাষ্ট্রীয় জমি’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল, যা এখন এই বসতি সম্প্রসারণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ‘অনুপস্থিত সম্পত্তি আইন’ অনুসারে পশ্চিম তীরের ‘সি’ ক্যাটাগরিভুক্ত অঞ্চলে থাকা জমি রাষ্ট্রের নামে নিবন্ধন করার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছিল। ফিলিস্তিনিরা দাপ্তরিক দলিলের মাধ্যমে মালিকানা প্রমাণ করতে না পারলে এই আইনের মাধ্যমে সেসব জমি রাষ্ট্রের নামে নিবন্ধনের সুযোগ পায় ইসরায়েল।

বহু ফিলিস্তিনি প্রজন্ম থেকে প্রজন্মে উত্তরাধিকার সূত্রে জমির মালিক হলেও তাদের কাছে কোনো আনুষ্ঠানিক স্বত্ব দলিল নেই। বিশেষ করে ১৯৬৭ সালে ইসরায়েল পশ্চিম তীর দখল করার পর অটোমান, ব্রিটিশ ম্যান্ডেট ও জর্ডানীয় প্রশাসনের আমল থেকে চলে আসা জমি নিবন্ধনের নিয়ম স্থগিত করে দেয়।