খাদ্যশস্যের নিরাপত্তায় মজুদ ১৪ লাখ টন

স্বাভাবিক সময়ে সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা মজুদের পরিমাণ ১৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এর পরিমাণ ছিল ১৩ লাখ মেট্রিক টন। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সভায় এফপিএমসির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, খাদ্যশস্যের চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধি এবং খাদ্যনিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসর বৃদ্ধি পাওয়াতে সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা মজুদের পরিমাণ বিদ্যমান ১৩ লাখ মেট্রিক টন থেকে বৃদ্ধি করে স্বাভাবিক সময়ে ১৪ লাখ মেট্রিক টন এবং দুর্যোগকালীন ১৫ লাখ মেট্রিক টন নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি এবং যোগাযোগ ব্যবস্থার সাময়িক বিঘেœর সময় দুর্গম পার্বত্য অঞ্চলে দ্রুত ও নির্বিঘেœ খাদ্যশস্য সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করতে তিনটি পার্বত্য জেলায় নতুন খাদ্যগুদাম নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে বর্তমান খাদ্যশস্য মজুদ সক্ষমতা ৩০ লাখ মেট্রিক টন বৃদ্ধি করার বিষয়ও সিদ্ধান্ত গৃহীত হয়।