গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আরিফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মিম অভিনীত আলোচিত সিনেমা ‘মালিক’ এবার মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে।
সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিল। মা–ছেলের সম্পর্ক, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মালিক’-এর গল্প।
সিনেমাটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মিম। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিশা সওদাগর, মনিরা মিঠু, বড়দা মিঠু, ইরফান মৃধা শিবলু, নিমা রহমানসহ আরও অনেকে।
ডিভাইন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘মালিক’ সিনেমাটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন শাওন। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন সানজিদ আফফান। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন অদিত রহমান।
প্রেক্ষাগৃহে মুক্তির পর যারা ‘মালিক’ দেখার সুযোগ পাননি কিংবা আবারও সিনেমাটি উপভোগ করতে চান, তারা এখন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ সিনেমাটি দেখতে পারবেন। ওয়েব ভার্সনে উৎসব স্ট্রিমিং করুন- www.utshob.live