মিঠুনকে দেখতে হাসপাতালে গেলেন শুভেন্দু অধিকারী

হাতের অস্ত্রোপচারের জন্য কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ সময় তার সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়সহ অন্য নেতারাও। তারা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আপাতত কোনো জটিলতা নেই। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে আগামী দুই-এক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। তবে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, মিঠুন চক্রবর্তীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।