প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ ও ‘রাক্ষস’-এর সাফল্যের পর এবার ওটিটি দুনিয়ায় যাত্রা শুরু করছেন আলোচিত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তার প্রথম ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং শুরু হচ্ছে আগামীকাল (৮ আগস্ট)।
নির্মাতা জানিয়েছেন, শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে শুরু হবে ‘লাপাত্তা’র শুটিং। টানা প্রায় ১০ দিন চলবে এর দৃশ্যধারণ।
মেহেদী হাসান হৃদয় আরো বলেন, ‘কাল থেকেই ফ্লোরে নামছি। প্রথম দিন এফডিসিতে শুট করব, এরপর তিনশ ফিট পূর্বাচল, পুরান ঢাকা এমনকি ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। চেষ্টা থাকবে একদম নতুন এবং অন্যরকম কিছু করার।’
ওয়েব ফিল্মটির প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। প্রথম দিনের শুটিংয়েই অংশ নেওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি থাকবেন নাসির উদ্দিন খানও।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’।
অন্যদিকে ‘লাপাত্তা’র কাজ শেষ করেই নতুন সিনেমা ‘নিঃস্ব’র প্রস্তুতিতে নামবেন হৃদয়। আগামী অক্টোবরের শেষ দিকে শাকিব খানকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতার।
তবে শাকিব খানের বাইরে ছবিটির অন্য কোনো শিল্পীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে নায়িকা হিসেবে ইধিকা পালের নাম আলোচনায় এলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার সঙ্গে এখনো কোনো ধরনের আলোচনা হয়নি।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘নিঃস্ব’-এ শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের একজন অভিনেত্রীকে। চলতি মাসেই সম্ভাব্য অভিনেত্রীর সঙ্গে আলোচনায় বসবে প্রযোজনা সংস্থার টিম। সবকিছু অনুকূলে থাকলে মাসের শেষ দিকেই নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ দিয়ে বড় পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক করেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটি বক্স অফিসে সাফল্য পাওয়ার পাশাপাশি দর্শক-সমালোচকদের কাছেও প্রশংসিত হয়। এরপর চলতি বছরের ঈদে সিয়াম আহমেদকে নিয়ে নির্মাণ করেন ‘রাক্ষস’।
এদিকে ‘নিঃস্ব’র শুটিং শুরুর আগে আগামী অক্টোবরের দুর্গাপূজা উপলক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে মেহেদী হাসান হৃদয়ের আরেক সিনেমা ‘বিদায়’।
স্পেনে মানবপাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান