খুব ভোরে উঠতেই
চোখ দুটো খুলতেই
দেখি খোকা দাঁড়িয়ে
ঘুম গেল হারিয়ে।
ভাবছি কী হলো তার
মুখটা যে খুবই ভার
মা কী কিছু বলেছে?
অভিমানে ফুলেছে।
উঠে খাটে বসতেই,
চোখ দুটো ঘষতেই
পাশে এসে বসে সে
ভেজাচোখ মুছে সে।
ঘরে তার বিড়াল নাই
খুঁজে খোকা পায় নাই
মা বলল আর না
এত জ¦ালা সয় না!
উঠে বিড়াল টেবিলে
মাছ, দুধ সে গিলে
ভাজা ইলিশ লুকিয়ে
খেয়ে গেছে পালিয়ে।
চলো গিয়ে মাকে বলি
কিনবো ইলিশ এক হালি
ওগো তুমি শুনছো কী?
একটা সুযোগ দেবে কী?
ঢেকে রাখলে দুধ, মাছ
খেয়ে করলে গোছগাছ
কাটা পেলে বিড়াল খুশি
খোকাও খুশি পেয়ে পুষি।