পায়রা-কথা

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:২৭ এএম

পায়রার এবারের সংখ্যাটি বিড়াল দিবসকে কেন্দ্র করে সাজানো হয়েছে। সেজন্য এটিকে তোমরা ‘বিড়াল সংখ্যা’ও বলতে পারো। প্রতি বছর ৮ আগস্ট আন্তর্জাতিক বিড়াল দিবস পালিত হয়। ২০০২ সালে প্রাণী কল্যাণ সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার (IFAW) এই দিবসটি চালু করে। বিড়ালের সুরক্ষা, তাদের অধিকার এবং দত্তক নেওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করাই এই দিনের মূল লক্ষ্য। তোমরা বুঝি ভাবছ, এমন তুলতুলে নাদুস-নুদুস একটা প্রাণীকে কেইবা বকাঝকা বা মারধর করবে? এটা সত্য যে, কিছু মানুষ বিড়ালকে খুবই পছন্দ করে। কিন্তু মানুষের ওপর ভীষণ নির্ভরশীল এবং বিড়াল থেকে তেমন অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ না থাকায় অনেকেই বিড়ালকে উপদ্রব হিসেবে দেখে। এবং পরিত্রাণ পাওয়ার জন্য নিষ্ঠুর সিদ্ধান্ত নিতেও পিছপা হয় না। সে জন্যই বিড়ালের প্রতি ভালোবাসা ও যত্ন বাড়ানো, আশ্রয়হীন বিড়াল উদ্ধার ও দত্তক নিতে উৎসাহ দেওয়া এবং বিড়ালের স্বাস্থ্য ও প্রজনন সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিশ্বব্যাপী ৮ আগস্ট ‘বিড়াল দিবস’ পালিত হয়।

বিড়াল নিয়ে আস্ত একটি সংখ্যা করার কারণে তোমরা যারা অন্য প্রাণীকে পোষ্য হিসেবে নিয়েছ, তারা অভিমান কোরো না। তোমার পোষাপ্রাণীকে নিয়ে লিখতে পারো পায়রাতে। পাঠাতে পারো তাকে নিয়ে আঁকা কমিকস বা ছবি। লেখা ও ছবি পাঠাবে [email protected]  এই ই-মেইলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত