এ সপ্তাহের সিনেমা, সিরিজ

ডিজিটাল পর্দার দর্শক মাতাতে নেটফ্লিক্স, জিওহটস্টার থেকে শুরু করে জি৫-এ মুক্তি পেয়েছে নতুন সিনেমা ও ওয়েব সিরিজ। গল্প, অভিনয় আর বৈচিত্র্যময় ঘরানার এই রোমাঞ্চকর আয়োজনে এ সপ্তাহে যা থাকছে-

মালিক

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির সিনেমা ‘মালিক’ এবার ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ মুক্তি পেয়েছে। সাইফ চন্দন পরিচালিত এই অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি মায়ের প্রতি শ্রদ্ধা, সামাজিক অধিকার আদায়, ভালোবাসার গল্প, প্রতিশোধ আর ক্ষমতার টানাপড়েনকে উপজীব্য চলচ্চিত্রটির মূল কাহিনি। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, মনিরা মিঠু, বড়দা মিঠু, ইরফান মৃধা শিবলু ও নিমা রহমানসহ আরও অনেকে।

ম্যায় ওয়াপাস আউঙ্গা

১৯৪৭ সালের দেশভাগের মর্মস্পর্শী প্রেক্ষাপটে নির্মিত হয়েছে পরিচালক ইমতিয়াজ আলীর এই নতুন ছবি। এতে অভিনয় করেছেন বেদং রায়না, শর্বরী, দিলজিৎ দোসানঝ ও নাসেরুদ্দিন সিদ্দিকী। ৯৫ বছর বয়সী দাদুর প্রথম ভালোবাসাকে খুঁজে বের করার এক নাতির ব্যাকুল আকুতি নিয়ে এগিয়ে যায় সিনেমাটির গল্প। মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।

আওয়ার স্টিকি লাভ

রোমান্টিক-কমেডি ঘরানার এই কে-ড্রামায় মূল চরিত্রে দেখা যাবে হা ইয়ং ও জং হে-ইনকে। এক অপরাধী চক্রের রহস্য উন্মোচন করতে গিয়ে স্মৃতিশক্তি হারান এক উচ্চাকাক্সক্ষী কৌঁসুলি। তাকে সুরক্ষিত রাখতে ভুয়া প্রেমিকের অভিনয়ে অবতীর্ণ হন এক তরুণ সাবেক বক্সার। এটিও দেখা যাবে নেটফ্লিক্স-এ।

দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি

জিওহটস্টারে উন্মুক্ত হয়েছে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। ২০২৩ সালের তুমুল জনপ্রিয় ‘দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি’-র সিক্যুয়েল এটি। অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার কমেডি ধাঁচের এ সিনেমাটিতে মারিও ও লুইগি তাদের সঙ্গীদের নিয়ে এক রোমাঞ্চকর মহাজাগতিক অভিযানে পাড়ি জমান।

হ্যামনেট

ওটিটি প্ল্যাটফর্ম জি৫-এ মক্তি পেয়েছে ‘হ্যামনেট’। অস্কারজয়ী পরিচালক ক্লোই ঝাওয়ের নির্মাণে এ ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জেসি বাকলি ও পল মেসক্যাল। বিখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার ও তার স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের ১১ বছরের সন্তান হ্যামনেটের অকালমৃত্যু এবং পারিবারিক শোকের হৃদয়বিদারক উপাখ্যান উঠে এসেছে এতে। ৫২তম টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ারের পাশাপাশি ছবিটি বিশ্বজুড়ে সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।