দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে অবশেষে মাতৃভূমিতে পা রাখলেন আলোচিত উপস্থাপিকা ও মডেল মারিয়া নূর। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই তারকা মূলত পরিবারকে একান্ত সময় দিতেই বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। সর্বশেষ দুই বছর আগে দেশে ফিরে ক্রিকেটবিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গিয়েছিল তাকে।
তবে এবার তিনি ফিরছেন ভিন্ন এক মেজাজে। দর্শকনন্দিত পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মারিয়া। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই আড্ডায় তিনি তুলে ধরেছেন নিজের কর্মজীবনের অজানা সব অধ্যায়। আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ পর্বটি একযোগে সম্প্রচার করা হবে।
সতেরো বছর আগে রেডিও আরজে হিসেবে মাত্র পাঁচ হাজার টাকা বেতনে মারিয়ার ক্যারিয়ার শুরু হয়। তারও আগে শৈশবে বিটিভি ও বাংলাদেশ বেতারে কাজ করে পারিশ্রমিক পেতেন ১২০ থেকে ১৫০ টাকা। মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।
এরপর ওপার বাংলা থেকে মৃণাল সেনের বায়োপিক ও অঞ্জন দত্তের চলচ্চিত্রে অভিনয়ের সুবর্ণ প্রস্তাব পেলেও বিশেষ কারণে তা করা হয়নি। সেই অজানা গল্পই এবার উঠে আসবে এ পডকাস্টে। জেড আই ফয়সালের প্রযোজনায় তৈরি হয়েছে পর্বটি।
