নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালীতে সুমন মিয়া (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আলোকবালী ইউনিয়নের বাখরনগর এলাকায় এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া বাখরনগর গ্রামের বাতেন মিয়ার ছেলে। সে আলোকবালী ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি কাইয়ুম মিয়ার ভাতিজা।
নিহতের স্বজনরা জানান, নিহত সুমন মিয়া ও তার বোন সোনিয়া বাড়ির অদূরে নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল। ওই সময় ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী সুমনকে অস্ত্রের মুখে জিম্মি করে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে বাখরনগর বাজারের একটি চা স্টলের সামনে নিয়ে তাকে এলোপাতাড়ি গুলি করে ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাইয়ের মৃত্যুতে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন নিহতের বোন সোনিয়া। তিনি বলেন, আমার ভাই কয়েকদিন পর বিদেশে চলে যাবে। তার স্ত্রী গর্ভবতী, সে কোনো দল করে না। তার কোনো শত্রুতা নেই। কিন্তু হাবি, মিটুল, মাইনুদ্দিন, কালা আমার ভাইকে ধরে নিয়ে মেরে ফেলে। আমার ভাইয়ের সন্তানদের কী হবে?
নরসিংদী মডেল থানার ওসি এম আর আল মামুন বলেন, স্থানীয় দ্বন্দ্বের জেরে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।