সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার গভীর রাতে নগরের পাঁচলাইশ থানার চশমাহিলে এ ঘটনা ঘটে।

মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। গত ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে নওফেল অংশ নেন। একই অনুষ্ঠানে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রাক্তন সংসদ সদস্য সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনের পর ক্রিকেটার সাকিবের মাগুরার বাড়িতে আগুন দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, একই ঘটনার জেরে নওফেলের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। জানতে চাইলে সিএমপির উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন বললেন, বিষয়টি সঠিক জানি না। আমরা তদন্ত করছি। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজে রাত ২টার দিকে ওই বাড়ির সামনে কয়েকজন তরুণ-যুবককে দেখা গেছে। তারা আগুন ধরানোর চেষ্টা করে। বাসার সামনে একটি পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এলে তারা চলে যায়।