গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার সতর্ক করল পুলিশ

সামাজিক মাধ্যমে বাংলাদেশ পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সময়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়। অপপ্রচার অব্যাহত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, উসকানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি-বিদেশি দোসররা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণœ এবং সরকারের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও উসকানিমূলক কোনো বক্তব্য বিশ্বাস, শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।