এক কার্গো এলএনজি কেনার অনুমোদন ক্রয় কমিটিতে

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার। গতকাল শুক্রবার ছুটির দিনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ২০২৬ সালের ১১-১২ আগস্ট ডেলিভারির জন্য এক কার্গো এলএনজি কেনা হবে। একটি এলএনজি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ থাকে। এ কার্গোর মোট মূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার (প্রায় ৭২ দশমিক ৪১ মিলিয়ন ডলার)।