টিভি নাটকের পর বাণিজ্যিক সিনেমা। এবার ওটিটিতে ফিরছেন মডেল-অভিনেত্রী সাবিলা নূর। কমেডি ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’ নিয়ে আগামী ২০ আগস্ট আসছেন তিনি। মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘ফাইসা গেছি’ একজন রাইডশেয়ার চালকের জীবনে ঘটে যাওয়া বিচিত্র কিছু ঘটনার গল্প। হাস্যরসের মোড়কে নির্মিত হলেও গল্পে উঠে এসেছে সুযোগ, লোভ ও অপরাধবোধের মতো বিষয়। সাবিলা নূরের সঙ্গে এতে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। আরও রয়েছেন আরফান মৃধা শিবলু ও করভী মিজান। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে কনটেন্টটি।
নতুন কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সাবিলা। তিনি বলেন, আমি সবসময় চেষ্টা করি এক কাজের সঙ্গে আরেক কাজের যেন মিল না থাকে। ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’ আমার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। কমেডি ঘরানার গল্পে কাজ করতে দারুণ লেগেছে। আশা করি দর্শকরাও কাজটি উপভোগ করবেন।
সাবিলার ভাষায়, ‘আমি নাটক থেকে উঠে এসেছি। এটাই আমার শিকড়। এরপর ওটিটিতে বেশকিছু কাজ করেছি। সেগুলো দর্শক ভালোভাবে নিয়েছেন। তারপর সিনেমায় এসেছি। এখানেও দর্শক আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন। নাটক, ওটিটি ও সিনেমা–এই তিনটি প্ল্যাটফর্মের প্রস্তুতি তিন রকম। সিনেমার জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়। তাই সবসময় নাটক বা ওটিটিতে কাজ করা সম্ভব হয় না। আমার মূল পরিচয় একজন অভিনয়শিল্পী। তাই সব মাধ্যমেই অভিনয় করে যেতে চাই।’