রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে শরীফুল ইসলাম হীরা নামে এক যুবককে মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরীফুল ইসলাম হীরা (৪০) উপজেলার বাহাদুরপুর এলাকার জাবেদ আলীর ছেলে। বর্তমানে তিনি গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে তোরাই মোড় এলাকায় কুমড়াকান্দি মল্লিকপাড়া গ্রামের কামরুল হোসেনের সঙ্গে পাওয়া টাকা নিয়ে শরীফুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল চাকু দিয়ে আঘাত করলে শরীফুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী জেনারেল হাসপাতালে নেওয়া প্রস্তুতি চলছে বলে জানান তিনি।