বড়লেখা

৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন, শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ এবং অবাধ ও নিরপেক্ষ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। একই সঙ্গে ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার নিউ সমনবাগ চা বাগানের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে চা শ্রমিকদের পরিবার নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দেশের অর্থনীতিতে চা শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় এলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। দ্রুত এ দাবি কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন প্রসঙ্গে অভিযোগ করে বক্তারা বলেন, শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপের কারণে শ্রমিকদের সাংগঠনিক ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তাই কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন নির্বাচন দাবি জানান তারা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

নিউ সমনবাগ চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ারের সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাঁওতালের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুজিত কানু, সাবেক ইউপি সদস্য মতিলাল ঘাটুয়া, বুটন রিকমুন, নিউ সমনবাগ চা বাগানের সহসাধারণ সম্পাদক স্বপন চাষা, মোকাম ডিভিশনের পঞ্চায়েত কমিটির সভাপতি ফজল তাঁতি, সাধারণ সম্পাদক চৈতন সাহা, নারী চা শ্রমিক নেত্রী মনিমিতা বাকতি, সিলা রিকমুন ও জানকি গড়াইতসহ শ্রমিক, ছাত্র ও যুবকেরা।