স্ট্রোক করে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম সায়মনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
জানা গেছে, শনিবার (৮ আগস্ট) রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন সায়মন। পরে রবিবার সকালে ঘুমন্ত অবস্থায় খাট থেকে পড়ে গেলে সহপাঠীরা বিষয়টি বুঝতে পারেন। তার শরীর শক্ত হয়ে যাওয়ায় দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি বিভাগে ভর্তি করা হয়।
সায়মনের সহপাঠী সৌরভ বলেন, সকালে সায়মন ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যে সে খাট থেকে পড়ে যায়। প্রথমে তারা বুঝতে পারেননি কী হয়েছে। পরে তার শরীর শক্ত হয়ে যাওয়া দেখে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
সৌরভ জানান, পরে সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সায়মনের অবস্থা দেখে স্ট্রোকের বিষয়টি জানান। তার আগে আরও দুইবার স্ট্রোক করার কথা জানা যায়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।
হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশনের সুযোগ না থাকায় সায়মনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে রবিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, সায়মনের অসুস্থতার খবর পাওয়ার পরই আইসিইউর ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে আরও উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে এ ধরনের চিকিৎসার ভালো ব্যবস্থা রয়েছে। সড়কপথে নিতে গেলে ঝুঁকি তৈরি হতে পারে বিবেচনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সায়মনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন উপাচার্য।