রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ইফাদ সম্প্রতি স্নাতকোত্তর শেষ করেছেন।
নতুন জীবনের স্বপ্ন দেখার সময়ে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন তিনি।
রাবির ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফাদের আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই শুরু হয়েছে জীবনের সবচেয়ে কঠিন লড়াই। চিকিৎসকদের দেওয়া পিইটি-সিটি (PET-CT) ও বায়োপসি রিপোর্ট অনুযায়ী, তার স্টেজ–৪ (Advanced Metastatic) ফুসফুসের ক্যান্সার (Poorly Differentiated Metastatic Adenocarcinoma) শনাক্ত হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ইফাদের উন্নত চিকিৎসা অব্যাহত রাখতে কয়েক দফা কেমোথেরাপি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের প্রয়োজন। এসব চিকিৎসার ব্যয় বহন করতে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষার্থীসহ হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।
ইফাদের সহপাঠী ও একই বিভাগের শিক্ষার্থী আল-আমিন বলেন, ইফাদ অত্যন্ত মেধাবী ও ভালো শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। কিন্তু সম্প্রতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়েছে। বর্তমানে তার চিকিৎসার ব্যয় বহন করতে পরিবারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাই ইফাদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে আমরা তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের কাছে সহযোগিতা চাইছি। পাশাপাশি বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছি।’
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মাজেদ চৌধুরী জানান, ইফাদ মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। তার মতো একজন শিক্ষার্থী অকালেই এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় আমরা সত্যিই মর্মাহত। তার উন্নত চিকিৎসার জন্য বিভাগের সব শিক্ষক মিলে একটি তহবিল গঠনের উদ্যোগ নেব। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কীভাবে তার চিকিৎসার জন্য সহযোগিতা পাওয়া যায়, সে বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।’
ইফাদের চিকিৎসায় সহায়তা পাঠানোর মাধ্যমগুলো হলো, সোনালী ব্যাংক পিএলসি, হিসাব নম্বর: ৩৬১১১০১০১৪৩৪৩
হিসাবের নাম: ফয়সাল আহমেদ ইফাদ,শাখা: মোগড়াপাড়া, নারায়ণগঞ্জ,রাউটিং নম্বর: ২০০৬৭১০৬৮, বিকাশ: ০১৩২৭১১৭১৫৮,রকেট ও নগদ: ০১৩২৭১১৭১৫৮।
