হাসিনাকে ফেরানোর তৎপরতার অভিযোগ

রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৮ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪২ শিক্ষকের বিরুদ্ধে পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাতে রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামের নির্বাহী (অফিস) আদেশে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২-কে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. গোলাম ছাদিক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান এবং সদস্য-সচিব হিসেবে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদ।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে প্রকাশিত শিক্ষকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন সিন্ডিকেট সদস্যের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, একটি গণমাধ্যমে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে রাবির ৪২ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে কয়েকজন শিক্ষকের নাম আংশিক বা ডাকনামে উল্লেখ থাকায় তদন্ত কমিটি প্রকৃত অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করবে। এরপর তাদের শোকজ করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। প্রতিবেদনে অনেক শিক্ষকের আংশিক নাম ও ডাকনাম ব্যবহার করা হয়েছে। সঠিক ব্যক্তিদের শনাক্ত করতেই আজ পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত