ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ময়লার স্তুপ থেকে একদিন বয়সি এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে শাহবাগ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের বিপরীত পাশে ময়লার স্তুপে এক স্টাফ ময়লা ফেলতে গিয়ে নবজাতকটির মরদেহ দেখতে পায়। এরপর থানায় খবর দেয়। মরদেহটি একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ছিল।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে কেউ মৃত অবস্থায় নবজাতকটি সেখানে ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।