রাজধানীর কামরাঙ্গীরচর রহমতগঞ্জ বেরিবাধের পাশ মানুষের দুটি খন্ডিত হাত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে রহমতগঞ্জ লোহার ব্রিজ সংলগ্ন বেরিবাধের পাশ থেকে অর্ধগলিত হাত দুটি উদ্ধার করে পুলিশ। রবিবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
সুরতহাল প্রতিবেদনে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ কিশোর পাল উল্লেখ করেন, বেরিবাধের পাশে হাত দুটি পড়ে থাকতে দেখে পথচারীরা ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কনুই থেকে বিচ্ছিন্ন একটি হাত এবং বাহু থেকে বিচ্ছিন্ন আরেকটি হাত পড়ে আছে। বাহু থেকে বিচ্ছিন্ন হাতটি ডি,এম,সি,এইচ ২০২৪-২৫ অর্থবছর লেখা সাদা কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল।
তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে অস্ত্রোপচারের পর বিচ্ছিন্ন হাত দুটি সেখানে ফেলে গেছেন কোনো রোগীর স্বজনরা। তবে অন্য কোনো ঘটনা রয়েছে কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। হাতের অংশ দুটি একই ব্যক্তির কিনা এবং নারী নাকি পুরুষের সে বিষয়ে ময়নাতদন্তকারী চিকিৎসকের কাছে জানতে চাওয়া হয়েছে।