কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রুমান (১৫) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে মগবাজারে একটি বেসরকারি হাসপাতালে মারা যায় সে। এর আগে গত শুক্রবার সন্ধ্যার দিকে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর ৭ নম্বর গলিতে ছুরিকাঘাতে আহত হয়েছিল সে।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু বকর সিদ্দিক জানান, গত শুক্রবার রাতে কামরাঙ্গীরচর পূর্ব রসূলপুর ৭ নম্বর গলির রঞ্জুর বাড়ির সামনে সিনিয়র জুনিয়র নিয়ে সাইফুল ইসলাম সাগর ওরফে অমিম (১৯) রুমানের বুকে ও হাতে ছুরিকাহত করে। আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে কামরাঙ্গীরচর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। অনবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল নিয়ে আসে। রুমানের আইসিইউ প্রয়োজন হওয়ায় তাকে আবার মগবাজার এ-ওয়ান হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়।

এসআই আরও জানান, ঘটনার পরদিন রুমানের বাবা রিকশাচালক জালাল ফকির থানায় হত্যাচেষ্টার মামালা করছিলেন। সেদিনই অভিযান চালিয়ে অমিমকে গ্রেপ্তার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত রুমানের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার মজিদ ফকিরকান্দি গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর ৮ নম্বর গলিতে পরিবারের সঙ্গে থাকত। রুমান স্থানীয় সান লাইট কিন্টার গার্ডেনের পঞ্চম শ্রেণিতে পড়ত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত