মক্কার জাদুঘরে ১৮ শতকের দুর্লভ কোরআন প্রদর্শনী

মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে আঠারো শতকের একটি দুর্লভ কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শিত হচ্ছে। 

ঐতিহাসিক এ নিদর্শনটি ইসলামি ক্যালিগ্রাফি ও অলঙ্করণশিল্পের অনন্য সৌন্দর্য এবং নিখুঁত কারুকার্যের সাক্ষ্য বহন করছে।

কালো কালিতে লিখিত এই পাণ্ডুলিপিতে ইসলামি ক্যালিগ্রাফির বিভিন্ন ধারার বৈশিষ্ট্য একত্রে ফুটে উঠেছে। এতে তৎকালীন লিপিকারের দক্ষতা ও শৈল্পিক নৈপুণ্যের পরিচয় পাওয়া যায়। কোরআনের শব্দ ও উচ্চারণের যথার্থতা নিশ্চিত করতে এতে অত্যন্ত সূক্ষ্মভাবে হরকত ও অন্যান্য চিহ্ন ব্যবহার করা হয়েছে, যা হাতে লেখা কোরআন সংরক্ষণের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে।

পাণ্ডুলিপিটির সূচনার পৃষ্ঠাগুলোতে রয়েছে মনোমুগ্ধকর ফুলেল নকশা ও সূক্ষ্ম অলঙ্করণ। এসব শিল্পকর্ম অতীতের কোরআন পাণ্ডুলিপি তৈরির সমৃদ্ধ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। দর্শনার্থীরা এর মাধ্যমে হাতে লেখা কোরআনের ইতিহাস, আরবি ক্যালিগ্রাফির বিকাশ এবং বিভিন্ন যুগে ব্যবহৃত অলঙ্করণ সম্পর্কে ধারণা লাভ করছেন।

সাম্প্রতিক সময়ে হেরা কালচারাল ডিস্ট্রিক্টে দেশি-বিদেশি দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে এটি মক্কার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শিক্ষামূলক কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে।

হেরা পর্বতের পাদদেশে অবস্থিত এই সাংস্কৃতিক কেন্দ্রটি সেই ঐতিহাসিক স্থানের সন্নিকটে, যেখানে অবস্থিত গুহায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর প্রথম ওহি নাজিল হয়েছিল। আধুনিক প্রযুক্তিনির্ভর উপস্থাপনার মাধ্যমে এখানে ইসলামের ইতিহাস ও ওহির সূচনালগ্নের ঘটনা তুলে ধরা হয়। সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী ইসলামি ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার বিশ্ববাসীর সামনে তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ প্রকল্প।