শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল আটক

গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট একাধিক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টুন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং ৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন আটক করেছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত Emirates-এর EK0582 ফ্লাইটের যাত্রী মেহেদী হাসান-এর ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টুন সিগারেট ও ৪০ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।

একই ফ্লাইটের অপর যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুম-এর ব্যাগেজ তল্লাশিতে পাওয়া যায় ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টুন সিগারেট এবং ৩ কেজি গৌরি ক্রিম।

অন্যদিকে দিল্লি থেকে আগত Air India-এর AI237 ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও ৪টি স্মার্টফোন আটক করা হয়।

উল্লিখিত যাত্রীসহ অন্যান্য যাত্রীর কাছ থেকে সি-শিফটের অভিযানে সর্বমোট ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টুন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং ৫টি মোবাইল ফোন আটক করা হয়েছে। এসব পণ্যের সম্মিলিত আনুমানিক বাজারমূল্য ৫৫,৭৪,৫০০ টাকা।

সাম্প্রতিক সময়ে বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান প্রতিরোধে সিআইআইডির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ সাফল্য এসেছে। গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ফ্লাইট ও যাত্রী শনাক্ত করে চোরাচালান প্রতিরোধে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।