সংস্কৃতি ও পরিচয় রক্ষার সংগ্রামের প্রতীক আন্তর্জাতিক আদিবাসী দিবস

সভ্যতার দীর্ঘ ইতিহাসে বিভিন্ন আদিবাসী তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনাচারের মাধ্যমে মানবজাতির বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসীদের ইতিহাস, অবদান, অধিকার, সমসাময়িক বাস্তবতা তুলে ধরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

সব আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠিত হোক

বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব, অধিকার, সংস্কৃতি ও পরিচয় রক্ষার সংগ্রামের প্রতীক আন্তর্জাতিক আদিবাসী দিবস। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে ঐতিহ্যবাহী চাকমা পোশাক পিনোন-হাদি পরে আনন্দ মিছিলে অংশ নিতাম। তখন দিনটি ছিল আনন্দের; সময়ের সঙ্গে বুঝেছি, এর গুরুত্ব আমাদের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত। বাংলাদেশে এখনো পার্বত্য চট্টগ্রামে ভূমির অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ভাষা-সংস্কৃতি সংরক্ষণ বড় চ্যালেঞ্জ। সম্প্রতি বান্দরবানে হামের প্রাদুর্ভাবে ২ শিশুসহ সাত জনের মৃত্যু পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা স্পষ্ট করেছে। আমাদের প্রত্যাশা সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সমস্যার স্থায়ী সমাধান, মাতৃভাষাভিত্তিক শিক্ষা এবং শিক্ষা-স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন। সব আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও স্বকীয়তা প্রতিষ্ঠিত হোক।

শতাব্দী চাকমা

শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়

বৈচিত্র্যময় সংস্কৃতি সামগ্রিক ঐতিহ্যকে করে সমৃদ্ধ

এই বিশেষ দিনটি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, ভাষা, সংস্কৃতি ও স্বকীয়তার প্রতি সম্মান জানানোর প্রতীক। বাংলাদেশের পাহাড়, সমতল ও বনাঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠী নিজস্ব ঐতিহ্য ও জীবনধারা নিয়ে বসবাস করে আসছে। তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি বাংলাদেশের সামগ্রিক ঐতিহ্যকে করেছে সমৃদ্ধ। তবে ভূমি হারানো, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বৈষম্য ও মাতৃভাষায় শিক্ষার সীমিত সুযোগ তাদের জীবন ও সংস্কৃতিকে সংকটের মুখে ফেলছে। অনেক ভাষা ও ঐতিহ্য হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই ভূমির অধিকার নিশ্চিত করা, মাতৃভাষাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি করা জরুরি। ‘আমরা আছি, আমরা বাঁচব’ এই প্রত্যয়ে আদিবাসীরা এগিয়ে যাক; তাদের ভাষা, সংস্কৃতি ও স্বকীয়তার প্রতি শ্রদ্ধাই হোক আমাদের অঙ্গীকার।

স্মৃতি ত্রিপুরা

শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যাল

চাই সম্মিলিত উদ্যোগ

বৈচিত্র্যই একটি দেশের সৌন্দর্য। সেই বৈচিত্র্যের অন্যতম ধারক আদিবাসী জনগোষ্ঠী। তাদের অধিকার, মর্যাদা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ৯ আগস্ট পালিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। বাংলাদেশের পাহাড় ও সমতলে চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো, ওরাও, মণিপুরীসহ ৫০টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে। তাদের নিজস্ব ভাষা, পোশাক, গান, নৃত্য, খাদ্যাভ্যাস ও জীবনধারা দেশের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। তবে ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৈষম্য এখনো তাদের বড় চ্যালেঞ্জ। তাই এই দিবস হোক অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকারের দিন। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সম্মিলিত উদ্যোগই পারে বৈচিত্র্যময় বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে।

বিউটি মুরমু

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ইসলামী বিশ^বিদ্যালয়