দেশীয় সংগীতাঙ্গনের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের মনে গেঁথে আছেন কণ্ঠশিল্পী আগুন। তবে আধুনিক গানের পাশাপাশি প্লে-ব্যাকে বেশি সমাদৃত এই আলোচিত গায়ক। বাংলা চলচ্চিত্রের গানে নব্বইয়ের দশক থেকেই নিজের স্বতন্ত্র কণ্ঠের মাধ্যমে শ্রোতাদের মন জয় করে নেন তিনি। বিশেষ করে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি সিনেমার জনপ্রিয় গানে তার কণ্ঠ আজও শ্রোতাদের মুখে মুখে শোনা যায়। তবে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের গানে নিয়মিত নন আগুন। সর্বশেষ ২০২১ সালে ‘শত্রু’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় পাঁচ বছর। এবার দীর্ঘ বিরতি শেষে আবারও সিনেমার গানে ফিরলেন এই শিল্পী।
সম্প্রতি নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবুর ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আগুন। গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন আনোয়ার শিকদার টিটন। এতে আগুনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা। গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন বলেন, ‘আগুন আমাদের দেশের চলচ্চিত্রের সোনালি দিনের একজন গায়ক।