সাহিত্যপ্রেমী মম

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১২:৪১ এএম

লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর থেকেই নিজের পছন্দ অনুযায়ী গল্প ও চরিত্রে কাজ করে আসছেন জাকিয়া বারী মম। গতানুগতিক ধারার বাইরের কাজ করতে বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী। মমর ভাষায়, চেনা সমাজের প্রতিচ্ছবি এবং মনস্তাত্ত্বিক চরিত্র ফুটিয়ে তুলতে তিনি সাহিত্য বা বাস্তবধর্মী চিত্রনাট্যকে প্রাধান্য দেন। তার অভিনয়ের যাত্রাই শুরু হয়েছিল সাহিত্যনির্ভর চলচ্চিত্র দিয়ে। চলচ্চিত্রের পর সাহিত্যনির্ভর নাটকে দেখা যাচ্ছে তাকে। 

সদ্য এনটিভিতে প্রচার শুরু হওয়া দীর্ঘ ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’ নাটকে তিনি অভিনয় করছেন নিজের একজন পড়ুয়া ও আবৃত্তিকারের চরিত্রে। আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাসের ছায়া অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল এবং পরিচালনা করেছেন রাকেশ বসু। নাটকের গল্পে মম থিয়েটার সংগঠক জামিল হোসেনের বাগ্দত্তা, পাশাপাশি জামিলের থিয়েটার দলের একজন অভিনেত্রীও তিনি। জামিলের সঙ্গে পরিচয়ের সূত্রেই এক দিন কবি হাসানের সঙ্গে দেখা হয় মমের।

এরপর হাসানের প্রতি মমর টান টের পেয়ে জামিল তড়িঘড়ি করে তাকে বিয়ে করে ফেলেন, আর সেখান থেকেই গল্পে তৈরি হয় নতুন এক মোড়। মম বলেন, এই ধারাবাহিকটি মানুষের সম্পর্ক, ভালোবাসা, সংকট, স্বপ্ন আর বাস্তবতার গল্প। গল্পের সঙ্গে দর্শক নিজেদের জীবনের অনেক মিল খুঁজে পাবেন।

সাহিত্যনির্ভর গল্পে কাজ প্রসঙ্গে মম বলেন, সাহিত্যভিত্তিক গল্পে কাজ করতে আমি সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ সাহিত্য থেকে নির্মিত গল্পের একটা আলাদা গভীরতা ও শক্তি থাকে। সেখানে চরিত্রগুলো অনেক বেশি পরিণত, বাস্তবধর্মী এবং বহুস্তরীয় হয়। একজন অভিনয়শিল্পী হিসেবে এমন চরিত্র নিয়ে কাজের সুযোগ সবসময়ই উপভোগ করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত