রংপুর নাট্যোৎসবে ‘ভাসানে উজান’

রংপুর নাট্য ফোরামের আয়োজনে চলছে ‘৩৬ জুলাই রংপুর বিভাগীয় নাট্যোৎসব ২০২৬’। গত শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১৪ আগস্ট পর্যন্ত। উৎসবে বিভিন্ন নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হবে বেশ কয়েকটি নাটক ও নান্দনিক প্রযোজনা। তবে উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ঢাকার নাট্যদল বিবেকানন্দ থিয়েটারে আলোচিত একক নাটক ‘ভাসানে উজান’। দস্তয়ভস্কির ‘দ্য জেন্টল স্পিরিট’ ছোটগল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কু-ু। নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। আর নাটকটির পুরো প্রযোজনায় একক অভিনয়ে মঞ্চে থাকবেন সময়ের আলোচিত অভিনেতা মো. এরশাদ হাসান।

একজন অভিনেতাকে কেন্দ্র করে নির্মিত এ প্রযোজনায় মানুষের অন্তর্জগতের টানাপড়েন, নিঃসঙ্গতা, ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং অস্তিত্বের গভীর সংকটকে তুলে ধরা হয়েছে। কণ্ঠ, শরীরী অভিব্যক্তি, আবেগ ও অভিনয়ের বহুমাত্রিক প্রকাশের মধ্য দিয়ে একক অভিনেতা মঞ্চে নির্মাণ করেন এক বিস্তৃত নাট্যজগৎ। ফলে ‘ভাসানে উজান’ হয়ে উঠেছে দর্শকের জন্য এক অনন্য ও ভিন্নধর্মী নাট্য-অভিজ্ঞতা। নাটকটির নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় এবং অভিনেতা মো. এরশাদ হাসানের মঞ্চ-সমন্বয় এ প্রযোজনাটিকে দিয়েছে স্বতন্ত্র মাত্রা। একক অভিনয়ের সীমিত পরিসরকে অতিক্রম করে মানুষের আবেগ, সম্পর্ক ও অন্তর্দ্বন্দ্বের বহুমাত্রিক প্রকাশই এ নাটকের অন্যতম শক্তি।