ব্যক্তিগত ও পারিবারিক কারণে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি বেশ কয়েক বছর ধরে সিনেমাতে অভিনয় করছেন না। কিন্তু এখনো দেশে-বিদেশে তার কোটি ভক্ত রয়েছে। একজন পরিপূর্ণ নায়িকার মধ্যে যেসব গুণ থাকা দরকার, তার সবই আছে পপির মধ্যে। সেই অর্থে পপি এখনো রয়েছেন শীর্ষে। ১৯৯৫ সালে ‘লাক্স আনন্দবিচিত্রা ফটো সুন্দরী’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে খুলনার মেয়ে পপির মিডিয়াতে পথ চলা শুরু হয়। এরপর প্রয়াত শহীদুল হক খানের পরিচালনায় প্যাকেজ নাটক ‘নায়ক’-এ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে প্রথম অভিনয় করেন পপি। এরপর পপি প্রথম প্রয়াত বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহানের ‘আমার ঘর আমার বেহেস্ত’ সিনেমার কাজ শুরু করেন চিত্রনায়ক শাকিল খানের বিপরীতে। তবে এই সিনেমার আগেই মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালের ১৬ মে।
পপি কয়েক বছর আগে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আদনানকে বিয়ে করেন। তাদের একমাত্র পুত্রসন্তান আয়াত। আপাতত ঘরসংসার নিয়েই সুখী জীবন যাপন করছেন পপি। সিনেমা জীবন প্রসঙ্গে পপি বলেন, ‘দীর্ঘদিনের চলচ্চিত্র জীবনে আমি এই দেশের কোটি কোটি সিনেমাপ্রেমী দর্শকের ভালোবাসা পেয়েছি। চলচ্চিত্রে কাজ করতে গিয়ে সিনিয়র শিল্পীদের স্নেহ-ভালোবাসায় ধন্য হয়েছি। এ ছাড়া পুরো চলচ্চিত্র পরিবারের ভালোবাসাতো ছিলই। আমি আজকের পপি যা কিছু তার সবটুকুই আসলে চলচ্চিত্র থেকে পাওয়া, দর্শকের ভালোবাসা থেকে পাওয়া। যে কারণে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতি আমার অগাধ শ্রদ্ধা ভালোবাসা সবসময়ই থাকবে।’