ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি মানবসেবার জন্য আলাদা সুনাম কুড়িয়ে আসছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। সেই ধারাবাহিকতা এবারও মানবসেবী হিসেবে সাধুবাদ পাচ্ছন এই বলি সুন্দরী। ভয়াবহ বন্যায় তলিয়ে যাওয়া ভারতের আসামের বিপর্যস্ত পরিবারগুলোর পাশে থেকে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। ‘ভক্ষক’ খ্যাত এই সুন্দরী সরাসরি পৌঁছে যান আসামের শিবসাগর জেলার বন্যা প্লাবিত এলাকায়। সেখানে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়া মানুষগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। কেবল দূর থেকে বার্তা না পাঠিয়ে নিজে ‘ভারত ডিসাস্টার রিলিফ ফাউন্ডেশন’র স্বেচ্ছাসেবকদের সঙ্গে সরাসরি ত্রাণকার্যে নেমে নজর কেড়েছেন এই তারকা।
গত মাস থেকেই আসামের করুণ বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে সরব ছিলেন ভূমি। একটি বিশেষ পোস্টে তিনি সেখানকার আশঙ্কাজনক অবস্থার কথা তুলে ধরে লিখেছিলেন, ‘অসমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যেই প্রায় ৭.৫ লাখ মানুষকে সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হলেও ৪০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। গবাদিপশু থেকে শুরু করে আস্ত গ্রাম ভেসে যাওয়ার দৃশ্য ভয়ানক। এই কঠিন সময়ে আমাদের সবাইকে অসমের পাশে দাঁড়ানো জরুরি। খাবার, তোশক, স্যানিটেশন কিংবা আর্থিক অনুদান যে যার সাধ্যমতো এগিয়ে আসুন।’
কেবল সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েই নিজের দায়িত্ব শেষ বলে মনে করেননি এই বলিউড তারকা। তিনি স্বেচ্ছায় বিডিআরএফের সঙ্গে শিবসাগরের দুর্গম অঞ্চলে পৌঁছে যান। দুর্গত মানুষদের কাছে খাদ্যসামগ্রী, স্যানিটেশন কিট ও দরকারি জিনিসপত্র পৌঁছে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান। ভূমির এমন মানবিক ও নিঃস্বার্থ উদ্যোগের জন্য বিডিআরএফের অফিশিয়াল পেজ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।